৫জি প্রকল্পে দুর্নীতি প্রতিবেদনে মন্তব্য ক্যাবের নিন্দা
বিগত সরকারের আমলে ৫জি প্রকল্পে প্রযুক্তি ও যন্ত্রাংশ প্রদান নিয়ে রাষ্ট্রায়ত্ব মোবাইল কোম্পানি টেলিটক এর সঙ্গে চীনের বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড হুয়াওয়ের মধ্যে সমঝোতা চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে করা প্রতিবেদনে মন্তব্যের কারণে মামলার শিকার হয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন এর সভাপতি মহিউদ্দিন আহমেদ। এই মামলার নিন্দা করে মঙ্গলবার বিবৃতি দিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ –ক্যাব এর ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হোসেন।
বিবৃতিতে এ ধরনের পদক্ষেপকে ‘হয়রানিমূলক ও জনগণের কণ্ঠরোধ করার অপোকৌশল’ বলে উল্লেখ করা হয়েছে।
একইভাবে গণমাধ্যমে মতামত দেওয়ায় মামলার এমন ঘটনায় প্রতিষ্ঠানটি’র উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন ভুক্তভোগী। একইসঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত এবং নালিশকারী প্রতিষ্ঠানে অডিট করে জনসম্মুক্ষে প্রকাশের দাবি জানান মহিউদ্দিন আহমেদ।
তার ভাষ্য, “স্বাধীন মতামত প্রকাশের অধিকার প্রত্যেক নাগরিককে আমাদের সংবিধান দিয়েছে। দৈনিক মানবজমিন পত্রিকার রিপোর্টার কাজী সোহাগ জানতে চেয়েছিলেন, টেলিটকের ৫জি প্রকল্পে দুর্নীতি সম্পর্কে আমাদের বক্তব্য বা মতামত কি? এ সম্পর্কে সংগঠনের সভাপতি হিসেবে আমি মানবজমিনকে বলি, আমরা বিভিন্ন মাধ্যমে এ ধরনের কথা শুনছি তাই বিষয়টি সরকার তদন্ত করে দেখতে পারে। গুণগত মান সম্পন্ন ইকুইপমেন্ট দেওয়া হচ্ছে কিনা সেটি তদারকির জন্য বিটিআরসির প্রতি অনুরোধ জানাই। এছাড়া অন্য কোন পত্রিকা প্রিন্ট বা ইলেকট্রনিক্স মিডিয়ায় কোন বক্তব্য প্রদান করা না সত্ত্বেও প্রতিষ্ঠানটি বারংবার দাবি করে যাচ্ছে যে বিভিন্ন মাধ্যমে এবং আরো অন্যান্য পত্রিকায় আমি বক্তব্য প্রদান করেছি। যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। বরঞ্চ প্রতিষ্ঠানটি নিজেদেরকে আন্তর্জাতিক খ্যাতি মানসম্পন্ন প্রতিষ্ঠান বললেও একজন ভোক্তা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মানহানি কর অপপ্রচার মূলক বিজ্ঞাপন প্রকাশ করেছে মোটা অংকের অর্থের বিনিময়ে বিভিন্ন পত্রিকায়।”





